রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা
আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেন বৃদ্ধি পাওয়ায় নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনে বিশেষ ‘এস্কর্ট’ সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
আরও পড়ুন: সরকারবিরোধী ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি
তিনি বলেন, রমজান ও ঈদ সামনে রেখে রাজধানীতে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য এবং নগদ অর্থ ও মূল্যবান দ্রব্যের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ সময় বড় অঙ্কের নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী পরিবহনের ক্ষেত্রে কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে ডিএমপির এস্কর্ট সেবা গ্রহণ করতে পারবেন। তবে সেবা গ্রহণের ক্ষেত্রে নিজস্ব যানবাহনের ব্যবস্থা সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই করতে হবে।
ডিএমপি জানিয়েছে, সংশ্লিষ্ট থানা অথবা ডিএমপির কন্ট্রোল রুমে আগাম যোগাযোগ করে তথ্য দিলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থীকে নিয়ে ছড়ানো ভিডিওকে ‘বিভ্রান্তিকর’ বলল আনসার
যোগাযোগের নম্বর: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬।
এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার আহ্বান জানানো হয়েছে।
নিরাপদ লেনদেন নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজন অনুযায়ী পুলিশের এই বিশেষ সহায়তা গ্রহণের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি।





