অস্ত্র গুলি উদ্ধারের ঘটনায় পল্লবীর ওসিকে পুলিশ কমিশনারের বিশেষ পুরস্কার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:১৯ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকায় লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় পল্লবী থানার ওসি ও সংশ্লিষ্ট দুইটি পুলিশ টিমকে বিশেষ পুরস্কার প্রদান করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর পুলিশ কমিশনার।

পুলিশ সূত্রে জানা যায়, বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে সফলতা অর্জনের স্বীকৃতিস্বরূপ মোট ৯০ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে একটি লুণ্ঠিত শটগান ও গুলি উদ্ধারের জন্য ৫০ হাজার টাকা এবং একটি বিদেশি পিস্তলসহ আসামি গ্রেফতারের জন্য ৪০ হাজার টাকা প্রদান করা হয়।

আরও পড়ুন: ডিএমপির উত্তরা বিভাগের নতুন ডিসি তারেক আহমেদ বেগ

গত ৩১ মার্চ রাত ৩টা ৫৫ মিনিটে পল্লবী থানাধীন আলীনগরের সাগুফতা হাউজিংয়ের একটি নির্মাণাধীন ও পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে একটি ১২ বোরের বিদেশি শটগান উদ্ধার করা হয়, যা মিরপুর মডেল থানা থেকে লুণ্ঠিত হয়েছিল। এ সময় ২৭ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড খালি খোসা এবং ১০ রাউন্ড চায়না রাইফেলের গুলিও উদ্ধার করা হয়।

এছাড়া পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি এবং সংশ্লিষ্ট এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: গুলশান ও ক্যান্টনমেন্ট থানায় ওসি রদবদল

অভিযানটি পরিচালিত হয় মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মোস্তাক সরকার-এর নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আশরাফুল আলম-এর তত্ত্বাবধানে। এতে নেতৃত্ব দেন পল্লবী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহান।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।