জুনে মাঠ থেকে ব্যারাকে ফিরতে পারে সেনাবাহিনী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ন, ০৬ মে ২০২৬ | আপডেট: ১০:৩৬ পূর্বাহ্ন, ০৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাঠপর্যায়ে মোতায়েন থাকা সেনাসদস্যদের ধাপে ধাপে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ৬ জুন থেকে চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। তবে সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে দেশের প্রত্যন্ত জেলা থেকে সেনাসদস্যদের ফিরিয়ে আনা হবে। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকেও সেনা প্রত্যাহার সম্পন্ন করা হবে। পুরো প্রক্রিয়াটি জুনের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত কোর কমিটির প্রথম বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবির মহাপরিচালকসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠকে সেনা প্রত্যাহারের পাশাপাশি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি দমন, মাদকবিরোধী অভিযান এবং পুলিশের কাঠামোগত কিছু পরিবর্তন নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুন: পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, জারি প্রজ্ঞাপন

সরকারি সূত্রে জানা গেছে, বর্তমানে মাঠপর্যায়ে প্রায় ১৭ হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকায় তাদের ধীরে ধীরে নিজ নিজ ইউনিটে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ আগেই নিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বৈঠকে আরও জানা যায়, সাম্প্রতিক বিভিন্ন আইনি প্রক্রিয়া, সাংবাদিকদের জামিন-সংক্রান্ত বিষয়, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল এবং সিটি করপোরেশনের নিরাপত্তা ব্যবস্থাও আলোচনায় এসেছে। যেসব সাংবাদিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের জামিনে বাধা না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিদেশে যেতে ইচ্ছুক সাংবাদিকদের হয়রানি না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এক ব্যক্তিকে আটকে ঢাকা জেলা ডিবির ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’