৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম, আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ৭:৩৮ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন অঙ্গীভূত আনসার সদস্যের সন্তান মো. বাচ্চু রহমানকে সংবর্ধনা দিয়েছে বাহিনী। সোমবার (৬ জুলাই) দুপুরে যশোর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অঙ্গীভূত আনসার সদস্য নজরুল ইসলামের পুত্র এবং পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এএসপি মো. বাচ্চু রহমানের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বাহিনীর পক্ষ থেকে এ অর্জনকে গৌরবময় ও অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: ৩৩ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিকে বাধ্যতামূলক অবসর প্রদান

অনুষ্ঠানে যশোর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ও উপপরিচালক মাজহারুল ইসলাম ভূঁইয়া বলেন, একজন আনসার সদস্যের সন্তানের এ সাফল্য শুধু তার পরিবারের নয়, বরং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যের জন্য গর্বের বিষয়। এ ধরনের অর্জন বাহিনীর সদস্য ও তাদের সন্তানদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি দেশসেবায় আত্মনিয়োগে অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে মো. বাচ্চু রহমান তার এই অর্জনের পেছনে বাবা-মায়ের অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, তার বাবা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন গর্বিত সদস্য। বাবার কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগ তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। পাশাপাশি পরিবারের অবিচল সমর্থন এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতেই তিনি এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন: ঢাকা রেঞ্জের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা নিয়োগ

অনুষ্ঠানের শেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে মো. বাচ্চু রহমানের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করা হয়। বাহিনীর মতে, এই অর্জন সততা, অধ্যবসায়, শৃঙ্খলা ও পারিবারিক মূল্যবোধের সমন্বয়ের একটি উজ্জ্বল উদাহরণ। একই সঙ্গে এটি বাহিনীর সদস্যদের সন্তানসহ দেশের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা, মেধা বিকাশ এবং দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ করবে এবং দক্ষ, সৎ ও দায়িত্বশীল রাষ্ট্রসেবক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে।