স্ক্যাম সেন্টার ও আন্তঃদেশীয় অপরাধ দমনে থাইল্যান্ডে আইজিপি

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ৫:৩৭ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

রোববার (১৯ জুলাই) বিকেলে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আগামী ২০ ও ২১ জুলাই ব্যাংককে অনুষ্ঠিত হবে 'Scam Center Compounds and Transnational Organized Crime' শীর্ষক এই আঞ্চলিক সম্মেলন।

আরও পড়ুন: জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, সম্পদের তালিকা প্রস্তুত

সম্মেলনটির আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), আর এতে সহযোগিতা করছে রয়্যাল থাই পুলিশ।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সম্মেলনে স্ক্যাম সেন্টার কম্পাউন্ড, সাইবার প্রতারণা এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধী চক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় কার্যকর অপারেশনাল সমন্বয়, আঞ্চলিক কৌশল প্রণয়ন এবং সমন্বিত যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

আরও পড়ুন: ৪৫ বছর পর আটক জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পুলিশ প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা সম্মেলনে অংশ নেবেন। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আইজিপি মো. আলী হোসেন ফকির।

সম্মেলনের ফাঁকে বাংলাদেশ পুলিশের প্রধান রয়্যাল থাই পুলিশের প্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে সমন্বয় জোরদারের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে সাইবার প্রতারণা, মানবপাচার, অনলাইন জালিয়াতি এবং সীমান্তপারের অপরাধ বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এ ধরনের অপরাধ মোকাবিলায় বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান ও যৌথ উদ্যোগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সম্মেলনে অংশগ্রহণ শেষে আইজিপি আগামী ২২ জুলাই দেশে ফিরবেন।