দুর্গাপূজায় অগ্নিনিরাপত্তায় প্রস্তুত ফায়ার সার্ভিস, ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণকক্ষ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৪০ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের পূজামণ্ডপগুলোর অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পূজার সময় ফায়ার স্টেশনগুলো স্ট্যান্ডবাই ডিউটিতে থাকবে। পাশাপাশি দিন-রাত ২৪ ঘণ্টা চালু থাকবে কেন্দ্রীয় ও বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকার কাজী আলাউদ্দীন রোডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি।

মহাপরিচালক জানান, প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজায় অগ্নিনিরাপত্তা নিশ্চিতে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। দেশের চালু ৫৩৮টি ফায়ার স্টেশন নিজ নিজ এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা তদারকি করবে। এ সময় স্থানীয় প্রশাসন ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় ঢাকা বিভাগে ৫১ হাজার ৪৪২ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

পূজামণ্ডপ পরিদর্শনের সময় অগ্নিঝুঁকি শনাক্ত করে তা কমানোর বিষয়ে পরামর্শ দেওয়া হবে। জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে নিকটস্থ ফায়ার স্টেশনের ফোন নম্বর ও ১০২ হটলাইন সম্পর্কে প্রচার চালানো হবে। বিভিন্ন স্থানে স্থাপিত অস্থায়ী ফায়ার স্টেশনগুলোও সতর্ক অবস্থায় থাকবে।

মহাপরিচালক আরও জানান, ফায়ার সার্ভিসের বিভাগীয়, জেলা ও জোন পর্যায়ের কর্মকর্তারা দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন। পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: সাবেক অডিট কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, নথি চেয়েছে দুদক

কেন্দ্রীয় ও বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ ২৪ ঘণ্টা চালু থাকবে। জরুরি সহায়তার অনুরোধ পেলে নিয়ন্ত্রণকক্ষ থেকে ঘটনাস্থলের নিকটবর্তী এক বা একাধিক ফায়ার স্টেশনকে দ্রুত সাড়া দেওয়ার নির্দেশনা দেওয়া হবে। এ ছাড়া বিভাগীয় ও জেলা কার্যালয় এবং ফায়ার স্টেশনগুলো স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বিসর্জনস্থলে জনবল ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সড়ক উদ্ধার সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। প্রয়োজন অনুযায়ী রাতে আলোকসজ্জার জন্য লাইটিং ইউনিটও মোতায়েন করা হবে। অধিদপ্তর, বিভাগীয় ও জেলা পর্যায়ে নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট ফায়ার স্টেশনগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘সচেতনতাই সুরক্ষা।’ দায়িত্ব পালনের পাশাপাশি অগ্নিনিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের পাশাপাশি ফায়ার সার্ভিসের পরিচালক, উপপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।