বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের গণসংযোগ কর্মসূচি ঘোষণা

Any Akter
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৪১ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে কাপাসিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি মেনে উপজেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে গণসংযোগ, মিছিল ও প্রচারণা চালানো হচ্ছে। তবে একই স্থানে জামায়াতে ইসলামীর প্রার্থী পাল্টা কর্মসূচি দিয়ে বিএনপির প্রচারণায় বিঘ্ন সৃষ্টি ও আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: তারেক রহমানের পক্ষে বনানীতে গণসংযোগ ও পথসভা

খন্দকার আজিজুর রহমান পেরা আরও জানান, উপজেলার ১১টি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক তালিকা অনুযায়ী পৃথক সময়ে মিছিল ও গণসংযোগ কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। এর আগে সকালে বিএনপির একটি প্রতিনিধি দল প্রতিপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীমের কাছে লিখিতভাবে অভিযোগ দাখিল করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতৃবৃন্দ বলেন, গাজীপুর-৪ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামিকে তারা প্রধান প্রতিদ্বন্দ্বী দল হিসেবে দেখছেন বলেও জানান তারা। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, নির্বাচন প্রচারণা কমিটির আহ্বায়ক আফজাল হোসাইন, প্রচারণা কমিটির প্রশিক্ষণ বিষয়ক সমন্বয়কারী মাজহারুল হক, উপজেলা বিএনপির সিনিয়র নেতা সেলিম হোসেন আরজু, আজগর হোসেন খান, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, অ্যাডভোকেট মীর সেলিম, অ্যাডভোকেট মোঃ আবু তাহের নয়ন প্রমুখ।  

আরও পড়ুন: কাপাসিয়ায় মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ