দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ জোরদারের ওপর গুরুত্ব: সিভিল এভিয়েশন একাডেমির সেমিনারে বক্তারা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ৯:২০ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। এ লক্ষ্য সামনে রেখে সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশে ১০ মার্চ ২০২৬ তারিখে “ট্রেনিং কম্পিটেন্সি ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক” বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারের সূচনা বক্তব্যে মো. মজিবুর রহমান মিয়াজী, ডেপুটি ডিরেক্টর (এটিএম) বলেন, বর্তমান বৈশ্বিক বিমান চলাচল ব্যবস্থায় নিরাপত্তা, সুরক্ষা ও কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা ও সক্ষমতার ওপর। আধুনিক প্রযুক্তি ও অবকাঠামোর পাশাপাশি দক্ষ মানবসম্পদই নিরাপদ ও কার্যকর বিমান পরিচালনার অন্যতম প্রধান ভিত্তি।

আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

সেমিনারে লিড প্রেজেন্টার হিসেবে বক্তব্য দেন প্রশান্ত কুমার চক্রবর্তী, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) অনুমোদিত প্রশিক্ষক এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক। তিনি আইসিএও-এর প্রশিক্ষণ কাঠামো, ট্রেনএয়ার প্লাস প্রোগ্রাম এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, আইসিএও গ্লোবাল এভিয়েশন ট্রেনিং (জিএটি) কর্মসূচির মাধ্যমে বিশ্বব্যাপী বিমান চলাচল প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা হয়েছে। এর অধীনে পরিচালিত ট্রেনএয়ার প্লাস প্রোগ্রাম আন্তর্জাতিক পর্যায়ে বিমান চলাচল প্রশিক্ষণের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই কর্মসূচির মাধ্যমে সদস্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো দক্ষতাভিত্তিক পদ্ধতিতে প্রশিক্ষণ কোর্স উন্নয়ন ও বাস্তবায়নের সুযোগ পায় এবং প্রশিক্ষণ কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার হয়।

আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার

সেমিনারে জানানো হয়, আন্তর্জাতিক মান বজায় রেখে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সিভিল এভিয়েশন একাডেমি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ১৯৭৫ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি দেশের বিমান চলাচল খাতে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছে।

আইসিএও’র ট্রেনএয়ার প্লাস কর্মসূচির সদস্য হিসেবে একাডেমিটি ২০২২ সালে পুনরায় সদস্যপদ লাভ করে। পরবর্তীতে ২০২৪ সালে সিলভার সদস্যপদ এবং ২০২৫ সালে গোল্ড সদস্যপদ অর্জন করে, যা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সক্ষমতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সেমিনারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন একাডেমি এবং বিমান চলাচল খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণ পেশাজীবীরা অংশগ্রহণ করেন।