এশিয়ান হাইওয়েতে চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ন, ২০ মে ২০২৬ | আপডেট: ৫:৪২ পূর্বাহ্ন, ২১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা-গাউছিয়া সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় বিকল্প পথ হিসেবে এশিয়ান হাইওয়ে ব্যবহার করছে অধিকাংশ যানবাহন। এতে বুধবার (২০ মে) সকাল থেকে মদনপুর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। যানজট ছড়িয়ে পড়ে সাইনবোর্ড এলাকা পর্যন্ত। একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়ক ও ডেমরা-স্টাফ কোয়ার্টার সড়কেও সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

আরও পড়ুন: মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে হামলার মুখে পুলিশ, আহত ৭

বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মদনপুর, কাঁচপুর, শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও দূরপাল্লার বাস ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

চালকদের অভিযোগ, ভুলতা-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় স্বাভাবিকভাবে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে অধিকাংশ যানবাহন বাধ্য হয়ে এশিয়ান হাইওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করছে। অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে না পারায় মদনপুর এলাকায় যানজট তৈরি হয়ে তা ধীরে ধীরে বিস্তৃত হয় প্রায় ১০ কিলোমিটার এলাকায়।

আরও পড়ুন: সড়কে এআই ক্যামেরা, ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব

এক ট্রাকচালক জানান, ভুলতা সড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। তবে এশিয়ান হাইওয়েতেও দীর্ঘ যানজটে পড়ে সময় নষ্ট হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কয়েকদিন ধরেই ভুলতা-গাউছিয়া সড়কের খারাপ অবস্থার কারণে বিকল্প সড়কগুলোতে যানবাহনের চাপ বাড়ছে। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ভুলতা-গাউছিয়া সড়কের ভাঙনের কারণে বিপুল সংখ্যক যানবাহন এশিয়ান হাইওয়েতে উঠে এসেছে। এতে মদনপুর, কাঁচপুর ও আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের অতিরিক্ত সদস্য কাজ করছেন।

তিনি আরও বলেন, যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। তবে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।