তেজগাঁওয়ে স্পোর্টস কার ও ইভি প্রদর্শনীতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৩ মে ২০২৬ | আপডেট: ১২:১৬ অপরাহ্ন, ২৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) প্রদর্শনীতে অংশ নেবেন। সকাল ১০টায় শুরু হতে যাওয়া এ প্রদর্শনীকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন ধরনের আধুনিক গাড়ি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেছে।

প্রদর্শনীতে চার্জচালিত প্রাইভেট কার, ইলেকট্রিক মোটরসাইকেলসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর যানবাহন স্থান পেয়েছে। সংশ্লিষ্টরা জানান, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তির যানবাহন ব্যবহারে উৎসাহ তৈরি করতেই এ আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: গাবতলী পশুর হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: প্রতিমন্ত্রী

প্রদর্শনী শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তিনি বৈলর ইউনিয়নের কানহর বাজার এলাকায় খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

ত্রিশাল সফরকালে বিকেলে স্থানীয় বিএনপি আয়োজিত একটি সভায়ও যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার আগমনকে কেন্দ্র করে ত্রিশালজুড়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আরও পড়ুন: ঈদের ছুটিতে এবারও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সব বিভাগ খোলা

জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে ত্রিশালে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা ও নানা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সফর ঘিরে নিরাপত্তা জোরদার করেছে।