ইসলামী ব্যাংকে বিক্ষোভ: চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলন, লাঠিচার্জ ও টিয়ারগ্যাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ন, ০১ জুন ২০২৬ | আপডেট: ৬:৫৯ অপরাহ্ন, ১২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার এবং টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনাও ঘটেছে।

সোমবার (১ জুন) সকাল থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা। তারা নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন: হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগে পথচারী ও ফুটপাতের ব্যবসায়ীরা

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ অভিযান শুরু করে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

আন্দোলনকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অযৌক্তিকভাবে বলপ্রয়োগ করেছে। তারা দাবি করেন, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান এস আলম গ্রুপের ঘনিষ্ঠ ব্যক্তি। তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় ব্যাংকে পুনরায় অনিয়ম ও লুটপাটের আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণেই তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন।

আরও পড়ুন: শিশুদের বিকাশে সুষম খাদ্য অপরিহার্য: সেমিনারে বক্তারা

তবে প্রথম দফায় ছত্রভঙ্গ হওয়ার পরও আন্দোলনকারীরা পুনরায় ইসলামী ব্যাংক এলাকার আশপাশে অবস্থান নেন এবং তাদের কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা করেন। ঘটনার পর ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে পুলিশ বা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।