রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ন, ০৯ জুন ২০২৬ | আপডেট: ৯:৪৭ পূর্বাহ্ন, ০৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হত্যা করা হয়েছে। সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন তালুকদার স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক ছিলেন।

আরও পড়ুন: মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে দেশি-বিদেশি মুদ্রাসহ ব্যাগ ছিনতাই

নিহতের ভাগিনা মো. মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। পরে বিষয়টি জানিয়ে তিনি তার মামা বিল্লাল হোসেনকে ঘটনাস্থলে ডাকেন। রাত ৮টার দিকে ওই ঘটনাকে কেন্দ্র করে সালিস বৈঠক বসে।

তিনি বলেন, সালিস চলাকালে একপর্যায়ে বিল্লাল হোসেনের বুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গাউসুল আজম সুপার মার্কেট সমবায় সমিতির নিরীক্ষা নিয়ে টেস্ট অডিট দাবি

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজাহার জানান, প্রাথমিকভাবে জানা গেছে সালিস বৈঠককে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে গেছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।