মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ
রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপরাধ প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, এলাকার নিরাপত্তা জোরদারের উদ্যোগ হিসেবে স্থাপন করা সিসি ক্যামেরাও চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: যানজট নিরসনে মানা হচ্ছে না প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
ববি হাজ্জাজ বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে অতীতে তিনি নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন। তবে অত্যন্ত দুঃখজনকভাবে স্থাপনের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ক্যামেরাগুলো চুরি হয়ে যায়। এ ঘটনাকে তিনি এলাকার নিরাপত্তা পরিস্থিতির একটি উদ্বেগজনক চিত্র হিসেবে উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না; নিরাপদ সমাজ গঠনে সাধারণ জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি জানান, মোহাম্মদপুর এলাকায় সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে।
আরও পড়ুন: ২০২৭ সালের জুনের মধ্যে খুলবে শহীদ জিয়া শিশু পার্ক
প্রতিমন্ত্রী আরও বলেন, সম্প্রতি তার এক সহকর্মী নুর ইসলাম নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন। এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের টহল কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, স্থায়ী সমাধানের জন্য নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন জরুরি।
অপরাধীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।





