ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ৩১ জুলাই থেকে ‘হৃদয়ে ঢাকা’ উৎসব
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি এবং ঐতিহাসিক ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা’ উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আগামী ৩১ জুলাই থেকে ৭ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে এ বর্ণাঢ্য আয়োজন। ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ সচেতনতা এবং নগর ব্র্যান্ডিংকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় তুলে ধরার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
আরও পড়ুন: ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, যে পরামর্শ দিলেন ট্রাফিক পুলিশের
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘হৃদয়ে ঢাকা’। আয়োজকদের মতে, এটি কেবল একটি উৎসব নয়; বরং ঢাকার ঐতিহ্য পুনর্জাগরণ, পরিচ্ছন্নতা, সবুজায়ন এবং নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধির একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ।
সপ্তাহব্যাপী কর্মসূচি
আরও পড়ুন: ঢাবির দুই ছাত্রী হলে জলাবদ্ধতা নিরসন, শিক্ষার্থীদের জীবনযাত্রা স্বাভাবিক
৩১ জুলাই ভোরে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’ এবং বিকেলে হাতি, ঘোড়ার গাড়ি, পালকিসহ ঐতিহ্যবাহী অনুষঙ্গ নিয়ে বর্ণাঢ্য ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত হবে।
১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে ভোরে ‘ঢাকা হেরিটেজ ম্যারাথন’ আয়োজন করা হবে। একই দিন বিকেল ৪টায় লালবাগ কেল্লায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে। পাশাপাশি ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচির আওতায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হবে।
২ আগস্ট লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, ‘ঢাকা আড্ডা’ এবং কাওয়ালীসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
৩ আগস্ট বুড়িগঙ্গা নদীতে খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হবে।
এছাড়া ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত মধুমিতা সিনেমা হলে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শনী, বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বিশেষ অনুষ্ঠান, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চনাটক, আর্ট ক্যাম্প ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে ‘দি গ্রেট ঢাকা সেল’ এবং সদরঘাট থেকে ঐতিহ্যবাহী নৌযানে ‘হেরিটেজ ক্রুজ’-এর আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরু হয়। পরে ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক নগর প্রশাসনের সূচনা ঘটে। সেই ইতিহাসকে স্মরণ করেই প্রতিবছর ১ আগস্ট ‘ঢাকা দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনসহ বাংলাদেশের নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই ঢাকা। সেই ঐতিহ্য ধারণ করেই একটি পরিচ্ছন্ন, সবুজ, স্মার্ট ও নাগরিকবান্ধব রাজধানী গড়ে তুলতে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
আবহাওয়া পরিস্থিতি প্রসঙ্গে প্রশাসক জানান, দেশের সার্বিক আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়েই কর্মসূচিগুলো অনুষ্ঠিত হবে। তবে পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সূচিতে পরিবর্তন আনা হতে পারে। তবুও ‘হৃদয়ে ঢাকা’ উৎসব উদযাপনের বিষয়ে ডিএসসিসি অঙ্গীকারবদ্ধ।
একই সঙ্গে দেশের নাগরিক, সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম এবং দেশি-বিদেশি পর্যটকদের এই উৎসবে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।





