রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম, শাহবাগের অবরোধ প্রত্যাহার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ৫:০৩ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে রাত ১০টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে প্রায় দেড় ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা কর্মসূচি স্থগিত ঘোষণা করে সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: ২০২৭ সালের জুনের মধ্যে খুলবে শহীদ জিয়া শিশু পার্ক

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলেন, “রাস্তা আটকে থাকায় সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। আমরা জনগণের কষ্ট চাই না। তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করছি। তবে আমাদের একমাত্র দাবি, শিক্ষামন্ত্রীকে আজ (বুধবার) রাত ১০টার মধ্যে পদত্যাগ করতে হবে। অন্যথায় আগামীকাল সকাল ১০টায় সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।”

এর আগে বৃষ্টি, জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ করেন। ওই দিন রাতেই তারা ঘোষণা দেন, নির্ধারিত পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন: ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢাকা মেডিকেলে তিন কারাবন্দীর মৃত্যু

সেই ঘোষণার ধারাবাহিকতায় বুধবার দুপুর আড়াইটার দিকে একদল শিক্ষার্থী রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। পরে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা করেন।

বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন আন্দোলনকারীরা। সেখানে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন তারা। প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর বিকেল সাড়ে ৫টার দিকে তারা শাহবাগ মোড়ে গিয়ে নতুন করে অবরোধ কর্মসূচি শুরু করেন।

শিক্ষা ভবনের সামনে অবস্থানরত এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান হামিম বলেন, “শিক্ষামন্ত্রী তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। প্রতিটি প্রশ্নপত্রেই ভুল থাকছে। তিনি বলেছেন, যারা ভুল প্রশ্নের উত্তর দিয়েছে তারা পূর্ণ নম্বর পাবে। কিন্তু যারা উত্তরই করেনি, তাদের কী হবে? এভাবে পরীক্ষা পরিচালনা গ্রহণযোগ্য নয়। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই।”

শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী রোহান হাসনাত জিহাদ বলেন, “আমাদের এখন একটাই দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অবহেলার দায় নিয়ে তার পদে থাকার সুযোগ নেই।”

অবরোধ চলাকালে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মসূচি স্থগিত করে সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।