ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ১১:৩৪ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি ও ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নাগরিকদের মধ্যে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি মমত্ববোধ এবং দায়িত্বশীলতা বাড়াতে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক এ আয়োজন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আরও পড়ুন: কায়েতপাড়ায় বৃক্ষরোপণ ও উন্নয়নকাজ পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক

তিনি বলেন, ঢাকায় বসবাসকারী মানুষের সঙ্গে এ শহরের ইতিহাস ও ঐতিহ্যের দৃঢ় সম্পর্ক তৈরি করা জরুরি। নাগরিকদের মধ্যে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ বাড়ানো গেলে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে নাগরিক সচেতনতা আরও বাড়বে। সেই লক্ষ্যেই ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের আয়োজন করা হয়েছে।

ডিএসসিসির কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে নানা আয়োজন। ইতোমধ্যে ১ থেকে ৭ আগস্ট শিশু একাডেমিতে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ২ থেকে ৬ আগস্ট চ্যানেল আইয়ের ব্যবস্থাপনায় ঢাকার চলচ্চিত্রের ৭০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৪

আগামী কর্মসূচির মধ্যে রয়েছে—

১৪ আগস্ট: ঢাকা গেট থেকে নগর ভবন পর্যন্ত ‘ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি’।

১৫ আগস্ট: মতিঝিল শাপলা চত্বর থেকে বুড়িগঙ্গা মঞ্চ (সোয়ারীঘাট) পর্যন্ত ‘ঢাকা হেরিটেজ রান’।

১৬-২২ আগস্ট: সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ঢাকাকে নিয়ে নির্মিত মঞ্চনাটক ও নাট্যোৎসব।

২১ আগস্ট: খোলামোড়া ঘাট থেকে ওয়াইজঘাট পর্যন্ত ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

২১ আগস্ট: সদরঘাটে শতবর্ষী বিশেষ হেরিটেজ ক্রুজে পর্যটকদের ভ্রমণ।

২২ আগস্ট: মধুমিতা সিনেমা হলে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শন।

২১-৩০ আগস্ট: ঢাকার বিপণিবিতানে ‘দ্য গ্রেট ঢাকা সেল’।

২১-৩০ আগস্ট: ‘লাভ লেটার টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমে নাগরিকদের কাছে ঢাকা নিয়ে আবেগ ও ভালোবাসার চিঠি আহ্বান।

২১-২৮ আগস্ট: শিল্পকলা একাডেমিতে ঢাকাকে নিয়ে নির্মিত মঞ্চনাটক।

২৩-২৯ আগস্ট: বাংলাদেশ টেলিভিশনে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো নাটক ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচার।

২৪ আগস্ট: উত্তর ধানমণ্ডির জয়নুল হক শিকদার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারের মাধ্যমে ‘পাখির চোখে হৃদয়ে ঢাকা’ উৎসব প্রদর্শন।

২৮ আগস্ট: লক্ষ্মীবাজার থেকে নগর ভবন পর্যন্ত ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি ও পালকিসহ ‘ঢাকা শোভাযাত্রা’।

২৯ আগস্ট: বিকেল ৪টায় লালবাগ কেল্লায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে। একই সঙ্গে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হবে।

৩০ আগস্ট: লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, বিশেষ ‘ঢাকা আড্ডা’ এবং সন্ধ্যায় কাওয়ালিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

১ সেপ্টেম্বর: শিল্পকলা একাডেমিতে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং খ্যাতিমান চিত্রশিল্পীদের অংশগ্রহণে উন্মুক্ত আর্ট ক্যাম্প।

৫ সেপ্টেম্বর: আলমগঞ্জ জেটিতে পুরান ঢাকার ‘পঞ্চায়েতি আড্ডা’।

ঢাকার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ

সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বলেন, ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরু হয়। পরে ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আধুনিক নগর প্রশাসনের পথচলা শুরু হয়। সেই ধারাবাহিকতায় ১ আগস্টকে ‘ঢাকা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান—বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ নানা অধ্যায়ের সাক্ষী ঢাকা। এই ঐতিহ্য ধারণ করে পরিচ্ছন্ন, সবুজ, স্মার্ট ও আধুনিক রাজধানী গড়ে তোলাই ডিএসসিসির লক্ষ্য।

এ আয়োজনের মাধ্যমে ঢাকার ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি নাগরিকদের শহরের প্রতি দায়িত্বশীল করে তোলার প্রত্যাশা করছে ডিএসসিসি।

একটি পরিচ্ছন্ন, সবুজ, স্মার্ট ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তুলতে দেশের নাগরিক, সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম এবং দেশি-বিদেশি পর্যটকদের ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।