বুড়িগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ, ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে উৎসবমুখর নগরবাসী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:৫২ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আয়োজিত মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতা ঘিরে নদীর দুই তীরে হাজারো মানুষের সমাগম ঘটে।

বিকেল ৩টায় বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ছয়টি নৌকা বাইচের দল এতে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাট প্রাঙ্গণে নোঙর করা শতবর্ষী ঐতিহ্যবাহী স্টিমার ‘পিএস মাহমুদ’-এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, সিনথিয়াসহ পুরো চক্র অধরা

নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি।

আরও পড়ুন: শেরেবাংলা নগর চেকপোস্টে ২৫ লাখ ৯০ হাজার টাকাসহ দুইজন গ্রেফতার

দুপুর থেকেই নৌকা বাইচ দেখতে বুড়িগঙ্গার দুই তীরে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। পরিবার-পরিজন নিয়ে অনেকে শত শত নৌকা ও ট্রলারে করে নদীতে উপস্থিত হন। নৌকার সারি ও দর্শনার্থীদের উচ্ছ্বাসে বুড়িগঙ্গা হয়ে ওঠে উৎসবমুখর।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল অবাধ, সচল ও নিরাপদ করতে সরকার কাজ করছে। বুড়িগঙ্গা, বালু ও ধলেশ্বরীসহ নদীগুলো দূষণমুক্ত রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য ডিএসসিসির উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি নদীর পাড় সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নগরবাসীর হাঁটা ও বিনোদনের উপযোগী পরিবেশ তৈরির কথা জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় নৌকা বাইচ একটি অনন্য উদ্যোগ। ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ঢাকাকে হৃদয়ে ধারণ করতে পারলেই নগরীর প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে। সেই ভালোবাসা থেকেই পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার উদ্যোগ সফল হবে।

তিনি জানান, ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে মিনি ম্যারাথন, সাইকেল র‍্যালি, নাট্য উৎসব ও চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। পাশাপাশি কামরাঙ্গীরচর এলাকায় আট লেনের সড়ক ও নদীর পাড় বাঁধাই করে দৃষ্টিনন্দন হাঁটার পথ তৈরির মতো উন্নয়ন প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। নগরবাসীকে পরিচ্ছন্নতা রক্ষা ও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।

নৌকা বাইচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম পুরস্কার অর্জন করে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের দল। দ্বিতীয় হয় সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল। তৃতীয় পুরস্কার পায় মাদারীপুরের আনিসুর রহমানের দল।

অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা, সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।