সংস্কার শেষে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো কামরাঙ্গীরচর লোহার ব্রিজ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:২৭ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিজস্ব অর্থায়নে মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ পুনরায় সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ব্রিজটির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

আরও পড়ুন: তানযীমুল উম্মাহ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৪৫ মিটার দৈর্ঘ্য ও ৪ দশমিক ২ মিটার প্রস্থের এই ব্রিজটি কামরাঙ্গীরচর এলাকার যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিএসসিসির তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ ব্রিজটি ব্যবহার করেন।

দ্রুততম সময়ে জরাজীর্ণ ব্রিজটির সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি চলাচলের নিরাপত্তাও নিশ্চিত হবে বলে জানিয়েছে ডিএসসিসি।

আরও পড়ুন: ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নগরবাসীর যাতায়াত সুগম ও নিরাপদ করতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। নিজস্ব অর্থায়নে রেকর্ড সময়ে সংস্কারকাজ সম্পন্ন করা তারই একটি প্রমাণ।

তিনি বলেন, কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী এই ব্রিজটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আট লেন প্রকল্প সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসক আরও ঘোষণা দেন, এখন থেকে ব্রিজটি কেবল পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।