উত্তরা-উত্তরখান-দক্ষিণখান ও মোহাম্মদপুরে রাজউকের মোবাইল কোর্ট

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫২ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীতে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ এবং নির্মাণবিধি প্রতিপালন নিশ্চিত করতে দুই জোনে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাজউকের জোন-২/১ ও জোন-৫/১-এর আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রাজউকের জোন-২/১-এর উদ্যোগে উত্তরা, উত্তরখান ও দক্ষিণখানসহ সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন শান্তা রহমান।

আরও পড়ুন: বাংলামোটর থেকে শাহবাগে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান

অভিযানে তার সঙ্গে ছিলেন অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার সাজ্জাদ হোসেন এবং প্রধান ইমারত পরিদর্শক আবু হেনা। সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে মো. সরফুদ্দীন ও মো. নাজমুল হাসানও অভিযানে অংশ নেন।

অন্যদিকে, রাজউকের জোন-৫/১-এর উদ্যোগে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর মৌজা ও আশপাশের এলাকাসহ জোনটির বিভিন্ন স্থানে পৃথক মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন মো. লিটন সরকার।

আরও পড়ুন: মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

এ সময় অভিযানে ছিলেন অথরাইজড অফিসার সাঈদা ইসলাম, সহকারী অথরাইজড অফিসার আবদুল্লাহ আল আজওয়াদ, প্রধান ইমারত পরিদর্শক মো. সাব্বির আহমেদ এবং ইমারত পরিদর্শক মো. মেহরাব হোসেন ও মো. রহমত উল্লাহ।

রাজউক সূত্র জানায়, রাজধানীতে ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের মাধ্যমে অনুমোদনবহির্ভূত ও বিধিবহির্ভূত নির্মাণকাজসহ বিভিন্ন অনিয়ম শনাক্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিকল্পিত নগরায়ণ এবং ভবন নির্মাণে শৃঙ্খলা বজায় রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।