বাসে ওঠার সময় মোবাইল ছিনতাই, ট্রাফিক পুলিশের তৎপরতায় আটক যুবক
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে ওঠার সময় এক যাত্রীর পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে পালানোর চেষ্টার সময় মো. মুজাহিদ (২০) নামে এক যুবককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী ট্রাফিক বিভাগের সদস্যরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজায় ডিএসসিসির ১৬৮ মণ্ডপে ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান
ওয়ারী ট্রাফিক বিভাগ জানায়, সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে যাত্রাবাড়ী-মাওয়া মুখ এলাকায় দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মো. ফজলে রাব্বি ও কনস্টেবল মো. রবিউল।
এ সময় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি বাসে ওঠার সময় তার পকেট থেকে মোবাইল ফোন নিয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকার শুনে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।
আরও পড়ুন: রাজধানীতে ফুটপাত উচ্ছেদ, পথচারিদের স্বস্তি,হকারদের হাহাকার
পরে আটক মুজাহিদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
আটক মুজাহিদকে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।





