৩৫ হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্য
চলতি অর্থবছরে ৩৫ হাজার কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করে ‘কৃষি ও পল্লী ঋণ’ নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছরের জন্য নির্ধারিত ৩০ হাজার ৮১১ কোটি টাকার লক্ষ্যমাত্রার চেয়ে যা ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি।
রবিবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে নতুন নীতিমালা ঘোষণা করেন ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি বিবেচনায় কৃষি খাতে ঋণ বিতরণে ব্যাংকগুলোকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন: সবজির বাজারে আবার অস্থিরতা, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা
নতুন নীতিমালায় ভেনামি চিংড়ি, কাঁকড়া, কুচিয়া, কালো ধান, এভোকাডো ফল ও পাতি ঘাস চাষেও পাওয়া যাবে কৃষি ঋণ। ছাদকৃষিতেও অর্থায়ন করতে পারবে ব্যাংকগুলো।
সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, আম উৎপাদনে সপ্তম, আলু উৎপাদনে সপ্তম এবং পেয়ারা উৎপাদনে অষ্টম স্থানে রয়েছে।
আরও পড়ুন: আগস্ট মাসের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২০২২-২৩ অর্থবছরে মোট ৩৬ লাখ ১৮ হাজার ৫৪৫ জন গ্রাহক কৃষি ও পল্লী ঋণ নিয়েছেন, যার মধ্যে ১৮ লাখ ৮১ হাজার ৯৩৩ জন নারী।
গত ২০২২-২৩ অর্থবছরে ৩০ হাজার ৮১১ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্য ঠিক করেছিল কেন্দ্রীয় ব্যাংক, যা ছিল তার আগের অর্থবছরের চেয়ে ৮ দশমিক ৮৮ শতাংশ বেশি।





