চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের একযোগে পদত্যাগ
দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিজেদের পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী কমিশনাররা হলেন— মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন। দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে বিরাজমান অস্থিরতা, বিনিয়োগকারীদের অসন্তোষ এবং কমিশনের অভ্যন্তরীণ নানা সংকটের প্রেক্ষাপটে এ পদত্যাগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী
তথ্য অনুযায়ী, খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের মেয়াদে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই বছরের ২ জুন মু. মহসীন চৌধুরী কমিশনার হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে ২৮ আগস্ট মো. আলী আকবর, ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ এবং ২০২৫ সালের ২৯ জুলাই মো. সাইফুদ্দিন কমিশনের সদস্য হিসেবে দায়িত্বে যোগ দেন।
এর আগে দেশের পুঁজিবাজার তদারকি সংস্থাটিকে পুনর্গঠনের ঘোষণা দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত ২ জুন রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে বিএসইসিকে নতুনভাবে সাজানো হবে।
আরও পড়ুন: বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক
মন্ত্রীর ওই ঘোষণার পর থেকেই কমিশনের নেতৃত্বে পরিবর্তন নিয়ে জোর আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত চেয়ারম্যান ও চার কমিশনারের একযোগে পদত্যাগের মধ্য দিয়ে সেই আলোচনা বাস্তবে রূপ নিল।
উল্লেখ্য, খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা। বিভিন্ন সময়ে কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে সাধারণ বিনিয়োগকারীরাও মানববন্ধন, মিছিল এবং সড়ক অবরোধসহ নানা কর্মসূচির মাধ্যমে কমিশনের পুনর্গঠনের দাবি জানিয়ে আসছিলেন।





