রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে ইসলামী ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৫৭ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক হস্তক্ষেপের নামে ইসলামী ধারায় পরিচালিত ব্যাংকগুলোতে অতীতের মতো কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা আমানত লুটপাট যাতে আর না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এ লক্ষ্যে ইসলামী ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের সুশাসন নিশ্চিত ও রাজনৈতিক চাপ প্রতিরোধে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকস রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব নির্দেশনা দেন।

আরও পড়ুন: রাজধানীর বাজারে স্বস্তি, কমেছে ডিম, সবজি ও পেঁয়াজের দাম

‘ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের শরিয়াহসংক্রান্ত ভূমিকা’ শীর্ষক এই কর্মশালায় শরিয়াভিত্তিক ব্যাংক, শরিয়া উইন্ডো ও শরিয়া শাখা পরিচালনাকারী ব্যাংকগুলোর চেয়ারম্যানরা অংশ নেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও বিআইবিএমের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

গভর্নর মোস্তাকুর রহমান বলেন, দেশের মানুষ ইসলামী ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থা রেখে সেখানে আমানত রাখেন। কিন্তু অতীতে রাজনৈতিক চাপ ও হস্তক্ষেপের কারণে সেই বিশ্বাসের অপব্যবহার হয়েছে এবং অনেক ক্ষেত্রে আমানতকারীদের অর্থ লুটপাটের শিকার হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে আরও সতর্ক ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন: সোনা-রুপার নতুন দাম ঘোষণা, আজ থেকেই কার্যকর

তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে শরিয়াভিত্তিক ব্যাংকগুলোতে যে অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে, তা ব্যাংক খাতে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে। এই সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ভবিষ্যতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের ইঙ্গিত পাওয়া গেলে তা দ্রুত কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করারও নির্দেশ দেন তিনি। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান গভর্নর।

কর্মশালায় বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার, বিআইবিএমের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ তাজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আশরাফুল আলম।

বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ইসলামী ব্যাংকিং খাতে সুশাসন, শরিয়াহভিত্তিক কার্যক্রমের মানোন্নয়ন এবং পরিচালনা পর্ষদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।