সোনার দামে বড় উত্থান বিশ্ববাজারে

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:১৭ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ববাজারে ফের লাফিয়ে বাড়ছে সোনার দাম, যা গড়িয়েছে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ চূড়ায়। মূলত বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও নীতিগত ধোঁয়াশার কারণেই সুরক্ষিত বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। বর্তমানে সবার দৃষ্টি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য এবং সে অনুযায়ী দেশটির কেন্দ্রীয় ব্যাংক 'ফেডারেল রিজার্ভ'সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই। 

সোমবার (২৪ আগস্ট) লেনদেনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্পট সোনার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৪১ দশমিক ২৭ ডলারে। এর আগে গত ১৫ মে’র পর সোনার দর আর এই উচ্চতায় ওঠেনি। বিদায়ী সপ্তাহেও ধাতুটির দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।

আরও পড়ুন: দেশের বাজারে আবারও বাড়ল সোনা-রুপার দাম

বাজার বিশ্লেষকেরা জানান, মার্কিন ডলার দুর্বল হয়ে পড়ায় অন্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ডলারে নির্ধারিত সোনা কেনা তুলনামূলক সাশ্রয়ী হয়ে উঠেছে। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা একলাফে অনেকটা বেড়ে গেছে।

অস্ট্রেলিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, চলতি সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারে সোনার গতি বেশ শক্তিশালী। বিনিয়োগকারীরা এখন মার্কিন ডলারের বিনিময় হার, বন্ডের সুদের হার এবং বিশ্ব অর্থনীতির নীতিগত দিকগুলোর দিকে নজর রাখছেন।

আরও পড়ুন: চিনি-তেলের চাপে সংসার, মাছ-ডিমেও স্বস্তি নেই

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের জুলাই মাসের ব্যক্তিগত ভোগ ব্যয় মূল্য সূচকের (পিসিই) হালনাগাদ তথ্য এবং আসন্ন জ্যাকসন হোল সিম্পোজিয়ামে ফেড প্রধানের বক্তব্য থেকে সুদের হারের ভবিষ্যৎ দিকনির্দেশনা পাওয়া যেতে পারে। ফেড যদি সুদের হার কমানোর ইঙ্গিত দেয়, তবে সোনার দাম সামনে আরও বাড়ার সুযোগ তৈরি হবে।

অর্থনৈতিক উপাদানের পাশাপাশি সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনাও সোনার এই দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের প্রধান বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেওয়ায় বিনিয়োগকারীদের মনে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ইতিবাচক প্রভাব দেখা গেছে। বিশ্ববাজারে আজ প্রতি আউন্স স্পট রুপার দাম স্থির রয়েছে ৬৮ দশমিক ৯৮ ডলারে। একই সময়ে প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৮৭৮ দশমিক ৮৮ ডলারে পৌঁছেছে, তবে প্যালাডিয়ামের দাম অপরিবর্তিত ছিল।