বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৪৬ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা বা ডলার ব্যবহারের বার্ষিক সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারবেন। এত দিন এ সীমা ছিল ১২ হাজার ডলার।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলারকে বিষয়টি জানিয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণ-সংক্রান্ত বৈদেশিক মুদ্রার প্রকৃত চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বার্ষিক এনডোর্সমেন্ট সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. আবু বকর সিদ্দিক সার্কুলারে স্বাক্ষর করেন।

তবে অপ্রাপ্তবয়স্ক বা ১২ বছরের কম বয়সী ভ্রমণকারীদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। তারা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবেন।

আরও পড়ুন: সোনার দামে স্বস্তি, ভরিতে কমল ২ হাজার ২১৬ টাকা

নতুন নিয়মে নগদ ডলার বহনের ক্ষেত্রেও সীমা নির্ধারণ করা হয়েছে। অনুমোদিত বার্ষিক সীমার মধ্যে একজন যাত্রী সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলারের নোট নগদ সঙ্গে রাখতে পারবেন। অর্থাৎ, নির্ধারিত সীমার অতিরিক্ত অংশ কার্ড বা অন্য কোনো বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যবহার করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশ ভ্রমণের জন্য বৈদেশিক মুদ্রা অবমুক্তকরণের অন্যান্য নিয়ম ও নির্দেশনা আগের মতোই বহাল থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নতুন এ সিদ্ধান্ত অবিলম্বে সব অনুমোদিত ডিলার এবং সংশ্লিষ্ট গ্রাহকদের অবহিত করতে বলা হয়েছে।