মনোনয়ন দাখিল ২ মার্চ, প্রতীক বরাদ্দ ১৫ মার্চ

৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:২৪ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অবশেষে বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের উপ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ, রিটার্নিং কর্মকর্তার বাছাই ৫ মার্চ এবং আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ। নির্ধারিত সূচি অনুযায়ী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: সব স্থানীয় নির্বাচনেও সেনা মোতায়েনের আইনি পথ চায় ইসি, প্রার্থিতা নিয়ে আসছে নতুন বিধিনিষেধ

ইসি সচিব বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২৯৯টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হলেও শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়। অন্যদিকে, বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষিত হওয়ায় সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭—এই দুই আসনে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত জানিয়ে ১৬ ফেব্রুয়ারি কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই দিন থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

আরও পড়ুন: স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ ঠেকাতে আচরণবিধি বদল বিদ্যমান আইনে নেই

অন্যদিকে, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদল ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে কিডনিজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করে ইসি। তবে, প্রথম ঘোষিত তফসিল অনুযায়ী যে সব প্রার্থীর মনোনয়ন রিটার্নিং অফিসার কতৃক বৈধ বলে ঘোষিত হয়েছিল, তাদের নতুন করে মনোনয়ন দাখিলের প্রয়োজন নেই। 

গণভোট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আগের একটি ক্ষেত্রে গণভোট অনুষ্ঠিত হয়েছে। তবে বিদ্যমান পার্থক্যের কারণে অন্য ক্ষেত্রে তা অন্তর্ভুক্ত না করলেও কোনো সমস্যা হবে না। শেরপুর-৩ আসনে গণভোটের প্রয়োজন নেই বলেও তিনি স্পষ্ট করেন।

নতুন তফসিল অনুযায়ী, দুই আসনেই আগামী ৯ এপ্রিল ভোটাররা তাদের রায় দেবেন। রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি শুরু হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় ইতোমধ্যে নির্বাচনী আমেজ তৈরি ।