হামের প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৩৫ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হাম রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ এপ্রিল) অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, জরুরি পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৪৭

আদেশে আরও উল্লেখ করা হয়, স্বাস্থ্য অধিদপ্তর ও এর অধীনস্থ সব প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী, পরিচালক (প্রশাসন), স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আদেশটি জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫১

এদিকে, দেশে হামের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার জরুরি টিকাদান কার্যক্রম জোরদার করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদানের পাশাপাশি হাসপাতালগুলোতে নিয়মিত চিকিৎসাসেবা অব্যাহত রাখতে স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্দেশনাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের জন্যও বলা হয়েছে।