হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৭০০

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ন, ২৭ জুন ২০২৬ | আপডেট: ৭:৪৪ পূর্বাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৮ জনে।

শনিবার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: শিশু আভানের মৃত্যু: চিকিৎসা নিয়ে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল মেডিকেলের

প্রতিবেদন অনুযায়ী, মোট মৃত্যুর মধ্যে ৯৩ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬১৫ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ শিশুর মধ্যে ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং ঢাকা ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন।

আরও পড়ুন: অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

এদিকে একই সময়ে সারা দেশে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ৭৪৪ জন। এর মধ্যে পরীক্ষায় ৪৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৭ জুন সকাল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৬৬ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১ হাজার ৫৯৪ জন।

হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসা দেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছেন।