হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯১৭ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৯৯১ জনে দাঁড়িয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের নতুন ভারপ্রাপ্ত পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৯১৭ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন চারজন।
চলতি বছরে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ৯৯১ জনের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৯১ জন।
আরও পড়ুন: দেশে হামের প্রাদুর্ভাব থামছে না, ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪৩ জনকে সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।





