বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কড়া নজর রাখছে ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন ও সার্বিক পরিস্থিতির ওপর ভারত কড়া নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশ-ভারত সম্পর্ককে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক পথে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রণধীর জয়সওয়াল।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণ, আগুন
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়ে জয়সওয়াল বলেন, বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটছে এবং ভারত সেগুলোর অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দুই দেশের মধ্যে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় নয়াদিল্লি।
এদিকে, ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে বাংলাদেশের পোশাকশ্রমিকদের আন্দোলন মঙ্গলবার চতুর্থ দিনে গড়ায়। রাজধানীর মিরপুর এলাকায় সকালে কয়েকটি পোশাক কারখানা আংশিক চালু হলে শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়।
আরও পড়ুন: বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলার চুরির অভিযোগ অস্বীকার উত্তর কোরিয়ার
সংবাদ সম্মেলনে গঙ্গার পানি বণ্টন চুক্তিসহ দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ দুই দেশের অভিন্ন নদীগুলো নিয়ে আলোচনা করার জন্য এটিই আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ মাধ্যম।
এ ছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি পুনর্ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা জানানো হবে।





