স্পেনের দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৩ | আপডেট: ৭:৩৫ পূর্বাহ্ন, ১৭ অগাস্ট ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ টেনেরিফের পাহাড়ের জঙ্গলে দাবানল ভয়ঙ্কর আকার নিয়েছে। ২৫০টি দমকলও দাবানলের মোকাবিলা করতে পারছে না।

২৪ ঘণ্টার মধ্যে এক হাজার আটশ হেক্টরে ছড়িয়েছে এই দাবানল। পাহাড়ের দুই দিকে ২২ কিলোমিটার এলাকা জুড়ে জঙ্গল জ্বলছে।

আরও পড়ুন: পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত অন্তত ৪০, আহত ৮

স্থানীয় নেতা ফার্নান্দো ক্লাভিহো জানিয়েছেন, ‘আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। পরিস্থিতি ভয়ঙ্কর।’

তিনি জানিয়েছেন, ‘এখন প্রথম লক্ষ্য হলো আগুন যাতে আর না ছড়ায়। তারপর যে জায়গাগুলো জ্বলছে, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা।’

আরও পড়ুন: খামেনির শেষ বিদায়ে সৌদি আরবের কোনো প্রতিনিধি নেই

১৪টা বিমানকে আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। সেইসাথে ২৫০টি দমকল কাজ করছে। সেনাও আগুন নেভানোর কাজে নেমেছে।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে সিপ্লেন এসেছে। এগুলো থেকে জল ফেলা হয়।

টেনেরিফে কাউন্সিলের দাবানল বিশেষজ্ঞ ভিকি পালমা বলেন, ‘রাতের দিকে আরো জোরে হাওয়া বইতে পারে। ফলে বৃহস্পতিবার দাবানল আরো ছড়াবার আশঙ্কা থেকে যাচ্ছে।’

কাউন্সিলের আরেক সদস্য রোসা জানিয়েছেন, ‘পাহাড়ের দিকে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে।’

মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত ১৫০ জনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছু কুকুরকেও সরানো হয়েছে।

টেনেরিফের দুইটি বিমানবন্দর এখনো চালু আছে বলে জানানো হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে খুব বেশি শুকনো দরম পড়েছিল। ফলে জঙ্গল একেবারে শুকনো হয়ে গিয়েছিল। গরমের সময় এখানে বেশ কয়েকটি দাবানল লেগেছিল। কিন্তু সেগুলো সাফল্যের সাথে নিভিয়ে ফেলা হয়। কিন্তু এবারের পরিস্থিতি রীতিমতো ভয়ঙ্কর। সূত্র : ডয়চে ভেলে