সোমালি জলদস্যুর কবল থেকে ২৩ পাকিস্তানিকে উদ্ধার ভারতীয় নৌবাহিনীর

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৪ | আপডেট: ৩:০৮ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আরব সাগরে অভিযান চালিয়ে সোমালি জলদস্যুদের কবল থেকে ইরানের পতাকাবাহী মাছ ধরার নৌকা ‘আল-কাম্বার ৭৮৬’ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী।  

শুক্রবার এই অভিযান চালানো হয়। প্রায় ১২ ঘণ্টার অভিযান শেষে নৌকাটিতে থাকা ২৩ পাকিস্তানি নাগরিককে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ভারতীয় নৌবাহিনীর এক মুখাপাত্র।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি নৌবাহিনীর এক কর্মকর্তার বরাতে বলছে, বৃহস্পতিবার আরব সাগরের সোকোত্রা লেট থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এই নৌকাটি অপহরণ করার উদ্দেশ্যে তাতে উঠে পড়েন নয়জন সশস্ত্র জলদস্যু। অপহরণের খবর পেয়ে ভারতীয় নৌবাহিনীর টহলদারি জাহাজ ‘আইএনএস সুমেধা’ শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানে যায় যুদ্ধজাহাজ ‘আইএনএস ত্রিশূল’।

আরও পড়ুন: ইসরায়েলের নির্বাচনে চূড়ান্ত ফল প্রকাশ

প্রায় ১২ ঘণ্টার অভিযানের পর দস্যুদের আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় জানিয়ে ওই কর্মকর্তা বলেন, জাহাজের ২৩ পাকিস্তানি নাগরিককেও উদ্ধার করা হয়েছে। আর নৌকাটিকে ভালো করে পরীক্ষা-নিরীক্ষার পর তা নিরাপদ স্থানে এনে স্বাভাবিক কাজে ফিরিয়ে দেওয়া হবে। এক্সে করা এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে ইন্ডিয়ান নেভি।

বেশ কয়েক বছর পর ফের মাথাচাড়া দিয়ে উঠেছে এই দস্যুরা। আরব সাগরে বিগত কয়েক মাস ধরেই বিভিন্ন জাহাজ এবং নৌকাকে সোমালি জলদস্যুদের হামলার কবলে পড়তে হয়েছে।

এদিকে গত ১২ মার্চ ভারত মহাসাগরে ২৩ জন বাংলাদেশি নাবিকসহ এমভি আবদুল্লাহকে জিম্মি করেছিল সোমালিয়ার জলদস্যুরা। চট্টগ্রামের কেএসআরএম গ্রুপের মালিকানাধীন জাহাজটি বর্তমানে সোমালিয়ার গদভজিরান জেলার জিফল উপকূল থেকে দেড় নটিক্যাল মাইল দূরে নোঙর করে আছে।