ইসরায়েলকে শাস্তির হুমকি খামেনির

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ন, ১৮ জুন ২০২৫ | আপডেট: ৪:৪৭ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ভাষণের শুরুতেই তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইসরায়েলকে তাদের ভুলের জন্য শাস্তি পেতে হবে।

খামেনি জোর দিয়ে বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধ হোক কিংবা শান্তি—ইরান কোনো কিছুই মেনে নেবে না। আমরা কখনোই আত্মসমর্পণ করিনি, করবও না। যারা ইরান ও এর ইতিহাস জানে, তারা জানে—ইরানিদের হুমকির ভাষায় কোনো উত্তর পাওয়া যায় না। ভাষণে খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে বলেন, “মার্কিনিদের জানা উচিত, যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় পরিণতি ডেকে আনবে।”

আরও পড়ুন: ট্রাম্পের ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম অধিকার সংগঠন

উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে একটি অতর্কিত হামলা চালায়। এরপরই আয়াতুল্লাহ খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। আজকের টেলিভিশন ভাষণ তার সেই হামলার পর প্রথম প্রকাশ্য বক্তব্য।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, খামেনির এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে, যা ঘিরে ইরানসহ আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে তীব্র আগ্রহ।

আরও পড়ুন: পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক

বিশ্লেষকদের মতে, খামেনির এই বক্তব্য শুধু ইসরায়েল নয়, পুরো পশ্চিমা বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিলো যে—ইরান এখন আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে। উত্তেজনার এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউই।