বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো নয়াদিল্লি
বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিএম) বি শ্যাম তাকে তলব করেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার তিন দিনের মাথায় পাল্টা এই কূটনৈতিক পদক্ষেপ নিলো নয়াদিল্লি।
আরও পড়ুন: সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান, উত্তেজনা কমার আভাস
বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে বর্তমানে যে নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে, তা নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনকে কেন্দ্র করে কিছু চরমপন্থী গোষ্ঠী যে ধরনের নিরাপত্তা সংকট তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছে, সে বিষয়ে বাংলাদেশের হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানায়, বাংলাদেশে সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে যে ‘ভুয়া বয়ান’ বা অপপ্রচার ছড়ানোর চেষ্টা চলছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে অভিযোগ করা হয়, এসব স্পর্শকাতর ঘটনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো কোনো পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করেনি এবং ভারতের সঙ্গে এ সংক্রান্ত কোনো অর্থবহ তথ্যপ্রমাণও বিনিময় করা হয়নি।
আরও পড়ুন: ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ: শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র, বললেন রুবিও
কূটনৈতিক বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়ে নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে ঢাকায় অবস্থিত ভারতীয় মিশন ও কূটনীতিকদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানায়।
ভারতের পক্ষ থেকে আরও বলা হয়, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ। ভারত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে এবং সেখানে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান পুনর্ব্যক্ত করে।
উল্লেখ্য, এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বুধবার দুপুর থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটি নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে, গত রোববার ভারতে অবস্থানরত শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল। সাম্প্রতিক এই তলব-পাল্টা তলবের ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।





