ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণ: নিহত ১, আহত ১৪

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:৩৬ পূর্বাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলে বন্দর আব্বাসের একটি ভবনে গ্যাস লিক থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) এই ঘটনা ঘটে বলে জানায় ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর, খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান মোহাম্মদ আমিন লিয়াকাত জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিস্ফোরণটি গ্যাস লিকের কারণে হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: ট্রাম্পের ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম অধিকার সংগঠন

ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যে বলা হয়েছিল বিস্ফোরণে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর একজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল—এটি সম্পূর্ণ মিথ্যা।

এদিকে, ইরাক সীমান্তবর্তী আহভাজ শহরে শনিবার পৃথকভাবে ঘটে যাওয়া গ্যাস বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন, জানিয়েছে তেহরান টাইমস। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক

দুইজন ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, শনিবারের বিস্ফোরণগুলোর সঙ্গে ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই। পেন্টাগনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এসব বিস্ফোরণ দেশজুড়ে নিরাপত্তা ও উদ্বেগের মাত্রা বৃদ্ধি করেছে।