ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:১৪ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাশিয়া ইউক্রেনের ৫টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধে এর আগে কখনও দেশের বিদ্যুৎ ব্যবস্থায় এত বড় ধরনের হামলা রুশ বাহিনী চালায়নি।

মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, সোমবার রুশ বাহিনী কমপক্ষে ৪৫০টি বিস্ফোরকবাহী ড্রোন এবং ৭০টি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের ৫টি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে।

আরও পড়ুন: জাপানে দুই সপ্তাহে ভারী তুষারপাতে ৩০ জনের মৃত্যু

এই হামলা এমন এক সময়ে ঘটে, যখন ইউক্রেনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান ও আলোচনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের বৈঠক চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেছেন, রাশিয়ার এই হামলা সাধারণ জনগণের মধ্যে সীমাহীন ভোগান্তি ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই চালানো হয়েছে। তিনি বলেন, “ইউক্রেনে এখন মাইনাস ১৬ ডিগ্রি তাপমাত্রা রয়েছে। রাতে প্রায়ই মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। এমন অবস্থায় এ ধরনের হামলা জনগণের জন্য মারাত্মক প্রভাব ফেলে।

ইউক্রেনের বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ডিটেকের বিবৃতিতে বলা হয়েছে, সোমবারের হামলা চলতি বছরের সবচেয়ে বড় আগ্রাসন হিসেবে বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থাকে লক্ষ্য করেছে। হামলায় কোম্পানির ১০ জন কর্মচারী আহত হয়েছেন।

আরও পড়ুন: গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফির মৃত্যু

সোমবার ইউক্রেনে সমর্থন প্রদর্শন করতে কিয়েভে গিয়েছিলেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। ন্যাটো মহাসচিবের এই সফরের প্রতিক্রিয়াতেই রুশ বাহিনী হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।