পাকিস্তানে জুমার নামাজে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৩২
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি ইমামবাড়ায় জুমার নামাজের সময় শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তারালাই এলাকায় এই মর্মান্তিক ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির স্বাস্থ্য বিভাগ। খবর দ্য ডন।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। পুলিশ এবং উদ্ধারকারী দলের এক হাজারেরও বেশি সদস্য বর্তমানে ঘটনাস্থলে কাজ করছেন। ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তকি জাওয়াদ জানান, বিস্ফোরণের সঠিক ধরন এখনও নির্ধারিত হয়নি। এটি আত্মঘাতী হামলা নাকি আগে থেকে পুঁতে রাখা বিস্ফোরক ছিল তা ফরেনসিক পরীক্ষার পর জানা যাবে।
আরও পড়ুন: ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের
ভয়াবহ এই হামলার পর ইসলামাবাদের প্রধান হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস), পলিক্লিনিক এবং সিডিএ হাসপাতাল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পিআইএমএস হাসপাতালের নির্বাহী পরিচালক জানান, প্রধান জরুরি বিভাগসহ অর্থোপেডিক ও বার্ন সেন্টারগুলোকে আহতদের সেবায় প্রস্তুত রাখা হয়েছে। অনেক আহত ইতিমধ্যে এসব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর ইসলামাবাদের একটি আদালত ভবনের বাইরে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই ট্র্যাজেডির মাত্র তিন মাস পার হতে না হতেই রাজধানীতে আবারও এমন ভয়াবহ বিস্ফোরণ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয়: লোকসভায় নয়াদিল্লি





