লেবাননে ইসরাইলের বিমান হামলায় নিহত ৩১, আহত ১৪৯

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ২:১৯ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরাইলের বিমান হামলায় লেবাননে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৪৯ জন। সোমবার (২ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর দিয়েছে আল-জাজিরা।

এদিন লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, উত্তর ইসরাইলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা ‘লেবাননজুড়ে’ গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

বিবৃতিতে আরও বলা হয়, “হিজবুল্লাহকে ইসরাইল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।”

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়েহ এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইলি যুদ্ধবিমানগুলো সেখানে ধারাবাহিকভাবে বোমাবর্ষণ করছে।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জবাবে ইসরাইলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ।