ইরানে ২ লাখ ডলারের জরুরি মানবিক সহায়তা দেবে চীন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত ইরানে ২ লাখ ডলারের জরুরি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। শাজারাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে এই সহায়তার কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (১৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, বেসামরিক মানুষ ও স্থাপনায় মার্কিন-ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার নিন্দা জানায় বেইজিং।
আরও পড়ুন: ওসমান হাদি হত্যা: আসামিদের পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমা ভারতে আটক
তিনি বলেন, “স্কুলে হামলা এবং বেসামরিক মানুষের ক্ষতি আন্তর্জাতিক মানবিক আইনকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে এবং মানবতা ও মানব বিবেকের মৌলিক সীমা অতিক্রম করেছে।”
মুখপাত্র জানান, চীনের রেড ক্রস সোসাইটি ইরানে নিহতদের পরিবারকে সহায়তা দিতে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিকে ২ লাখ মার্কিন ডলারের জরুরি মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
তিনি আরও বলেন, মানবিক চেতনা থেকে চীন প্রয়োজনীয় সহায়তা দিয়ে ইরানের জনগণকে এই সংকট কাটিয়ে উঠতে সহযোগিতা অব্যাহত রাখবে। একই সঙ্গে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে গুয়ো জিয়াকুন বলেন, সব দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপের মাধ্যমে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানান তিনি।
এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫০ জন স্কুলছাত্রী নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই দিন থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত এক হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর কথাও উল্লেখ করা হয়েছে।
এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। সংঘাত শুরুর পর এখন পর্যন্ত আটজন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে মার্চের শুরু থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল এবং বিশ্বের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।





