পুতিনের আমন্ত্রণে মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন মোজতবা খামেনি
মার্কিন-ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদা।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে মস্কো নেওয়া হয়েছে। গত ১২ মার্চ পুতিনের সঙ্গে টেলিফোনে কথা হওয়ার পর একই দিন রাশিয়ার একটি সামরিক বিমানে করে তিনি মস্কোয় যান।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
এ বিষয়ে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে-এর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। রুশ সংবাদমাধ্যম তাস-কে পুতিনের প্রেস সচিব জানিয়েছেন, এ ধরনের প্রতিবেদনের বিষয়ে তারা মন্তব্য করেন না।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রথম দিনেই নিহত হন মোজতবা খামেনির বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই হামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন এবং মোজতবা খামেনি আহত হন।
আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা
মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাকে গুরুতর আহত বলা হলেও ইরানি একাধিক সূত্র জানিয়েছে, তার পায়ে আঘাত লেগেছে এবং তা প্রাণঘাতী নয়।
উল্লেখ্য, ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। ২০২৪ সালে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।





