উত্তেজনা বাড়লে পুরো অঞ্চল ‘নরকে’ পরিণত হবে’: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ইরানের হুঁশিয়ারি
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর সমন্বয়কারী সর্বোচ্চ অপারেশনাল কমান্ডের এক মুখপাত্র বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হলে পুরো অঞ্চলটি তাদের জন্য “নরকে” পরিণত হবে।
খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি বলেন, “শত্রুতা বাড়লে পুরো অঞ্চল আপনাদের জন্য নরকে পরিণত হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে পরাজিত করার যে ধারণা, তা শেষ পর্যন্ত চোরাবালিতে ডুবে যাওয়ার মতো হবে।”
আরও পড়ুন: আগরতলায় ভারত–বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক
একইসঙ্গে ওই দপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য “নরকের দরজা খুলে দেওয়া হবে।”
এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। অন্যথায় হরমুজ প্রণালী খুলে দিতে হবে, না হলে দেশটির ওপর “নরক নেমে আসবে” বলে সতর্ক করেন তিনি।
আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে আরও বাড়ল তেলের দাম
আলী আবদুল্লাহি ট্রাম্পকে “আগ্রাসী ও যুদ্ধবাজ” নেতা হিসেবে উল্লেখ করে বলেন, ইরানের অবকাঠামোয় হামলার হুমকি একটি “হতাশাজনক, উত্তেজিত, ভারসাম্যহীন ও নির্বোধ পদক্ষেপ।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোতে হামলা চালায়, তাহলে তেহরানও কোনো সীমাবদ্ধতা ছাড়াই মার্কিন বাহিনী ও ইসরাইলের ব্যবহৃত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।
বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষের এমন কঠোর বক্তব্যে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।





