হরমুজ প্রণালিতে টোল আরোপের প্রস্তাব ট্রাম্পের, বাড়ছে বিতর্ক
মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর শুল্ক বা টোল আরোপের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই প্রণালির ওপর নিয়ন্ত্রণ ও শুল্ক আদায়ের অধিকার ইরানের নয়, বরং যুক্তরাষ্ট্রের থাকা উচিত।
আরও পড়ুন: দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২১
ট্রাম্প বলেন, “আমরাই কেন টোল নেব না? তাদের নিতে দেওয়ার চেয়ে আমি বরং নিজেই সেটা করতে চাই।”
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস পরিবাহিত হয়। সম্প্রতি ইরান এই প্রণালি ব্যবহারকারী ট্যাংকারগুলোর ওপর নতুন টোল আরোপের পরিকল্পনা অনুমোদন করেছে, যাকে তারা নিজেদের সার্বভৌম অধিকার হিসেবে দাবি করছে।
আরও পড়ুন: তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
এ প্রেক্ষাপটেই ট্রাম্পের এমন মন্তব্য নতুন করে উত্তেজনা তৈরি করেছে। তার মতে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও প্রভাবের কারণে এই নৌপথে শুল্ক আরোপের অধিকার ওয়াশিংটনেরও থাকা উচিত।
তবে বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব আন্তর্জাতিক সমুদ্র আইন এবং বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের আইনি ও রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করতে পারে।
জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে নতুন করে টোল আরোপ করা হলে তা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। কারণ, বিশ্বের মোট তেল সরবরাহের একটি বড় অংশ এই জলপথের ওপর নির্ভরশীল।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





