রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের নতুন ছাড় দিলো যুক্তরাষ্ট্র

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:০৩ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে আরও ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে রুশ জ্বালানি পণ্য আমদানিতে বিদ্যমান সীমাবদ্ধতা সাময়িকভাবে শিথিল থাকবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্ট সূত্র জানায়, ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়ের মেয়াদ আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। এর মাধ্যমে বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতার মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রাখার সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন: আন্দোলনে উত্তাল দিল্লি, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ

এর আগে ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ সিদ্ধান্তের কথা জানায়।

উল্লেখ্য, গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে ৩০ দিনের একটি ছাড় দিয়েছিল, যার মেয়াদ ১১ এপ্রিল শেষ হয়।

আরও পড়ুন: সৌদির সঙ্গে ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, নতুন এই ৬০ দিনের ছাড় বাংলাদেশের জন্য স্বল্পমেয়াদে জ্বালানি আমদানি প্রক্রিয়া সহজ করবে এবং বৈশ্বিক বাজারে মূল্য অস্থিরতার প্রভাব কিছুটা কমাতে সহায়তা করবে।