কড়া নিরাপত্তা ব্যবস্থায় পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ শুরু
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মোট ২৯৪ আসনের এই নির্বাচনে দুই ধাপে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রথম ধাপে ১৬ জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে তেলের দাম তিন মাসের সর্বনিম্ন
যেসব জেলায় ভোট
প্রথম ধাপে যেসব জেলায় ভোট হচ্ছে সেগুলো হলো— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান।
আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম
নির্বাচনের দ্বিতীয় ও শেষ ধাপ অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।
প্রথম ধাপের ১৫২টি আসনে মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়নপত্র জমা পড়েছিল ১ হাজার ৫২৫টি। কোচবিহার দক্ষিণ ও ইটাহার আসনে সবচেয়ে বেশি ১৫ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নির্বাচন শান্তিপূর্ণ রাখতে রাজ্য পুলিশের পাশাপাশি ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটে কোনো ধরনের সহিংসতা, বুথ দখল বা জাল ভোটের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
ভোটকেন্দ্রে কড়াকড়ি
ভোটকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভোটারদের নির্ধারিত পরিচয়পত্র দেখিয়ে নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে স্লিপ সংগ্রহ করে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
দলীয় কর্মীদের অবাধ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে আলাদা ক্যাম্প স্থাপন করা হয়েছে।
নির্বাচন কমিশন সতর্ক করে বলেছে, ভোটারদের ভয় দেখানো, বাধা দেওয়া বা ভোট প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে। পাশাপাশি মোটরসাইকেল চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, বিশেষ করে রাতের সময় চলাচলে কড়াকড়ি থাকবে।





