ফুজাইরাহ তেল স্থাপনায় হামলায় জড়িত নয় ইরান, দায় যুক্তরাষ্ট্রের
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে তেল স্থাপনায় আগুন লাগার ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে ইরান। দেশটি এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের ‘সামরিক ভুল পদক্ষেপ’কে দায়ী করেছে।
ইরানের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, তেহরান আগে থেকে ওই স্থাপনায় হামলার কোনো পরিকল্পনা করেনি। তার দাবি, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র অবৈধভাবে নৌপথ চালুর চেষ্টা করতে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা’ হবে: ট্রাম্পের হুমকি
তিনি এ ঘটনায় দায় স্বীকার করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।
ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আলী আকবর আহমাদিয়ান বলেছেন, দেশের নিরাপত্তা কোনোভাবেই আপসযোগ্য নয়। তিনি সতর্ক করে বলেন, গভীর সমুদ্রে জটিল সামরিক অভিযান পরিস্থিতির ভারসাম্য বদলে দিতে পারে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের হামলায় হরমুজে ৫ বেসামরিক নাগরিক নিহত
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৩টি ক্রুজ মিসাইল এবং ৪টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অধিকাংশ হামলাই প্রতিহত করা হয়েছে এবং ক্ষয়ক্ষতি সীমিত রয়েছে।
বিশ্লেষকদের মতে, ফুজাইরাহ ঘটনার পর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।





