খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে জনস্রোত, প্রতিশোধের বার্তা ইরানের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ন, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৪৮ পূর্বাহ্ন, ০৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শনিবার (৪ জুলাই)ও শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে হাজারো মানুষ সমবেত হয়েছেন। তার দাফনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচি ঘোষণা করেছে ইরান সরকার। এই আয়োজনের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখা এবং সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়ার বার্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন।

আরও পড়ুন: খামেনির জানাজা সম্পন্ন, তেহরানে লাখো মানুষের সমাগম

দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে তেহরানের গ্র্যান্ড মোসাল্লাসহ বিভিন্ন স্থানে প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত লাল পতাকা উত্তোলন করা হয়েছে। রাজধানীজুড়ে ‘আমাদের জেগে উঠতেই হবে’ স্লোগানও শোনা যাচ্ছে। একই সঙ্গে খামেনির মুষ্টিবদ্ধ হাতের বিশাল প্রতিকৃতিও প্রদর্শন করা হয়েছে।

শনিবার ভোর থেকেই গ্র্যান্ড মোসাল্লায় শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ জড়ো হতে শুরু করেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন মেট্রো স্টেশনে উপস্থিত জনতা ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘ইসরায়েলের ধ্বংস হোক’ স্লোগান দিচ্ছেন।

আরও পড়ুন: অনেকদিন পর জনসম্মুখে আইআরজিসি প্রধান

দাফন অনুষ্ঠান ঘিরে রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ এলাকায় সাঁজোয়া যান, ভারী অস্ত্র ও স্নাইপার মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় দর্শনার্থীদের তল্লাশি করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে পাওয়ার ব্যাংক, ইলেকট্রনিক ডিভাইস এবং আগুন জ্বালানোর সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ড দেশটির জনগণ ও সরকার-সমর্থকদের আরও ঐক্যবদ্ধ করেছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রতিষ্ঠিত রাষ্ট্রব্যবস্থার প্রতি জনগণের সমর্থনও এই আয়োজনের মাধ্যমে পুনর্ব্যক্ত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৮৯ সালে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় যেমন বিপুল মানুষের সমাগম হয়েছিল, এবারও তেমন উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।