হাসিনার কর্মকাণ্ডে বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে: ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:৩৫ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি তথ্য নিয়েও আলোচনা হয়, যেখানে বলা হয়েছে যে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা আগামী ৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন।

আরও পড়ুন: সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ জনই বাংলাদেশি

এ প্রসঙ্গে হুমায়ুন কবির ভারতীয় হাইকমিশনারকে জানান, পলাতক শেখ হাসিনাসহ কার্যক্রম-নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ।

তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের বিদ্যমান ইতিবাচক সম্পর্কের অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

জবাবে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপে সচেষ্ট থাকার আশ্বাস দেন।

বৈঠকে উভয়পক্ষ নিয়মিত সংলাপ, পারস্পরিক আস্থা ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনার মাধ্যমে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।