সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ জনই বাংলাদেশি
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাংলাদেশি বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানায়।
আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, নিহতদের সবাই বাংলাদেশি। অগ্নিকাণ্ডের পর স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের
আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে কাজ করছেন।
এ ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
এর আগে রোববার রাতে এক শোকবার্তায় সৌদি আরবের সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শোকবার্তায় মন্ত্রী বলেন, জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম বলেও উল্লেখ করেন তিনি।
নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, দুর্ঘটনার পর সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রবাসী কল্যাণমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এ অসীম শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।





