দুই সন্তানের জন্য হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:০৩ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুই ছোট সন্তানের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সিদ্ধান্ত নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলাইন লেভিট। চলতি মাসের শেষ দিকে তিনি দায়িত্ব ছাড়বেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেভিটকে তার ‘সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের’ একজন হিসেবে অভিহিত করেন। তিনি জানান, প্রেস সেক্রেটারির পদ ছাড়লেও লেভিট তার অন্যতম প্রধান পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি রিপাবলিকান পার্টির রাজনীতিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরও পড়ুন: দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের

মাত্র ২৮ বছর বয়সে গত বছর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেন লেভিট। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি হওয়ার রেকর্ড গড়েন তিনি।

গত মে মাসে দ্বিতীয় সন্তানের মা হন লেভিট। স্বামী নিকোলাস রিসিওর সঙ্গে তাদের একটি দুই বছরের ছেলেও রয়েছে। কন্যাসন্তানের জন্মের পর মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। গত মাসে কর্মস্থলে ফেরার পর সন্তানদের সময় দেওয়া এবং গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালনের মধ্যে ভারসাম্য তৈরি করা তার জন্য কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুন: ২০২৫ সালে ইয়েমেনে মার্কিন হামলায় ১৫৩ বেসামরিক নিহত

ট্রাম্পের ঘোষণার পর নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন লেভিট। সেখানে তিনি বলেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের অন্যতম সম্মানজনক ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে মা হিসেবে দায়িত্ব পালন এবং বিশ্বের অন্যতম কঠিন সরকারি পদ সামলানো একই সঙ্গে তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

লেভিট জানান, দ্বিতীয় সন্তান জন্মের পর কাজে ফিরে তিনি উপলব্ধি করেন, প্রেস সেক্রেটারির দায়িত্ব পালনে যে সময়, শক্তি ও মনোযোগ প্রয়োজন, তা দেওয়ার পর সন্তানদের প্রয়োজনীয় সময় দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণেই হোয়াইট হাউসের দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের এই সিদ্ধান্তকে কঠিন হলেও প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন লেভিট।

হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারি হওয়ার আগেও ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করেছেন লেভিট। ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগবিষয়ক পরিচালক হিসেবে কাজ করেন।

২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেস নির্বাচনে প্রার্থী হন লেভিট। রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচনে জয় পেলেও সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস পাপাসের কাছে পরাজিত হন তিনি।

এদিকে লেভিটের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব কে নেবেন, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি ট্রাম্প। এর আগে লেভিটের মাতৃত্বকালীন ছুটির সময় হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কয়েকজন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম।

সূত্র: বিবিসি