যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করা বা আশ্রয়প্রার্থী প্রায় ২ লাখ বিদেশির ব্যবসা ও পর্যটন ভিসা বাতিলের পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সোমবার (২৪ আগস্ট) মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বি-১ ও বি-২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পরে আশ্রয়ের আবেদন করেছেন—এমন ব্যক্তিদের মধ্য থেকে প্রায় ২ লাখ মানুষের ভিসা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ইরান ইস্যুতে নজর, ৯২ ডলারে স্থির বিশ্ববাজারে তেলের দাম
এ কার্যক্রম মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ডিএইচএস) সমন্বয়ে বাস্তবায়ন করা হবে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় পরিসরে ভিসা বাতিলের ঘটনা হতে পারে। তবে পরিকল্পনাটি আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ফের আন্দোলনে নামার ঘোষণা ককরোচ জনতা পার্টির
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, ডিএইচএসের সঙ্গে সমন্বয় করে এমন বিদেশিদের নন-ইমিগ্র্যান্ট ভিসা শনাক্ত ও বাতিল করা হচ্ছে, যারা স্বল্পমেয়াদি দর্শনার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করেছেন।
তবে ব্যবসা বা পর্যটন ভিসা বাতিল করা হলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে না।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, যাদের আশ্রয়ের আবেদন এখনো নিষ্পত্তি হয়নি, তাদের বেশির ভাগকে অন্য একটি অভিবাসন শ্রেণিতে স্থানান্তর করা হবে। ফলে তাদের বি-১ বা বি-২ ভিসার মর্যাদা আর থাকবে না। তবে আশ্রয়ের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা অন্য অভিবাসন অবস্থানে থেকে নিজেদের মামলার প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন।
অর্থাৎ, পরিকল্পনাটি মূলত যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদি ব্যবসা বা পর্যটনের জন্য দেওয়া ভিসার ব্যবহার এবং পরবর্তী আশ্রয় আবেদনের বিষয়টিকে আলাদাভাবে বিবেচনা করার উদ্যোগ।





